আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৪, ২০২৬, ১২:৩২ পিএম
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (৩০) নামের এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস ক্বারির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন দিন আগে গত সোমবার আল আমিনের বিয়ে সম্পন্ন হয়েছিল। তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে মিলে ছাতারপাইয়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার দিন সোনাইমুড়ী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আল আমিনকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এই অকালমৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন। এই ঘটনায় কোনো পক্ষের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর