কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬, ০৯:৪২ পিএম
ঝিনাইদহের কোটচাঁদপুরে ছিনতাইকারীদের হাতে ইজিবাইক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল ১৪ বছর বয়সী স্কুলছাত্র মিশকাত। বাবাকে হারানোর পর লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে মা ও নিজের জীবিকা নির্বাহ করছিল সে। সেই ইজিবাইক ছিনতাই হওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। তবে এক প্রচারবিমুখ দানশীল ব্যক্তির সহায়তায় নতুন ইজিবাইক পেয়ে আবারও আশার আলো দেখেছে মিশকাতের পরিবার।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ মিশকাতের হাতে নতুন ইজিবাইকটি তুলে দেন।
জানা গেছে, মিশকাত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালাত সে। সেই আয়ে চলত তার পড়াশোনা এবং মাকে নিয়ে ছোট্ট সংসার।
গত রোববার (১৯ জুলাই) রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা মিশকাতের ইজিবাইক ছিনিয়ে নেয়। এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় তারা। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে মিশকাত ও তার মা অসহায় হয়ে পড়েন।
ঘটনাটি পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা এক প্রচারবিমুখ দানশীল ব্যক্তির নজরে আসে। পরে তিনি ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করে মিশকাতের জন্য একটি নতুন ইজিবাইক কিনে দেওয়ার উদ্যোগ নেন।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ মিশকাতের হাতে নতুন ইজিবাইকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
নতুন ইজিবাইক পেয়ে মিশকাত ও তার পরিবারের মুখে ফিরেছে স্বস্তির হাসি। এটি তাদের জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, এটি অবশ্যই একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
এম জি