আদালত প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৪৫ পিএম
নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারও তা গ্রহণ করতে সক্ষম এমন বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক সরকারের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে, সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারও প্রয়োগ করতে পারে।
এ সময় তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সংক্রান্ত রিটের শুনানি প্রসঙ্গও তুলে ধরেন। হাইকোর্ট ওই মামলায় ৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছে।
অ্যাটর্নি জেনারেল জানান, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ লাইফলাইন। এখানে পরিচালিত কার্যক্রম স্বচ্ছ ও পাবলিক পলিসি অনুসারে পরিচালিত হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছে, তা সংবিধান ও আইনের মধ্যেই। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে কার্যক্রম না থাকলেও প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সমন্বয়ে কাজ করার মতো কাঠামো এই সরকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছে। এখানে কোনো অস্পষ্টতা বা ব্যত্যয় নেই।”
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দেশের দীর্ঘমেয়াদি নীতিগত সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না।”
রিট আবেদনকারীপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত হলেও জনগণের সরাসরি নির্বাচিত নয়। তারা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয় থাকায় বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যাটর্নি জেনারেল এছাড়া জানান, বর্তমানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। “এখনো কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি, তাই প্রিম্যাচিউর পর্যায়ে জুডিশিয়াল রিভিউ গ্রহণযোগ্য নয়,” তিনি বলেন।
মামলার শুনানি শেষে হাইকোর্ট ৪ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছে।
ইএইচ