আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:২৩ এএম
সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করা হয়েছে আজ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করবেন। আদেশের পরেই নিশ্চিত হওয়া যাবে আসামিদের বিরুদ্ধে চূড়ান্তভাবে অভিযোগ গঠন করা হবে কি না।
আলোচিত এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আসামির তালিকায় রয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর এই আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনাল সেদিন আদেশ না দিয়ে আজকের দিনটি পুনর্নির্ধারণ করেন। গত ১৪ ডিসেম্বর এই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
মামলায় পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজনই বিভিন্ন মেয়াদে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক। এছাড়া বাকি আসামিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।
গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জেআইসি সেলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। তিনি ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের ওপর চালানো বীভৎসতার চিত্র ট্রাইব্যুনালের সামনে আনেন। শুনানি শেষে প্রসিকিউশন পক্ষ থেকে ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। এর আগে গত ২২ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল এবং পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছিল।
জেএইচআর