আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫, ০৬:০৫ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাংস আমদানি করে দেশের খামারিদের ক্ষতি করতে চাই না। বরং উৎপাদন খরচ কমিয়ে দেশের চাহিদা পূরণে কাজ করবো।
বুধবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গবেষণায় বাজেট কমানো দেশের জন্য ক্ষতিকর। গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছাতে হলে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার। ‘ওয়ান হেলথ’ বাস্তবায়ন, প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনা ও দেশীয় জাত সংরক্ষণেও গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের বলেন, প্রাণির সুস্থতা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। খাদ্যের দাম বৃদ্ধিই পণ্যের দাম বাড়ার মূল কারণ বলেও উল্লেখ করেন তিনি।
কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খামারি ও উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
জেএইচআর