নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০৩:৪৬ পিএম
রাজধানীতে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন পথের গেট ৪ ও ৫–এর সংযোগ অংশে দৃশ্যমান ফাটল সৃষ্টি হয়েছে। এতে সিলিংয়ের কিছু অংশ খসে পড়ে। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকায় যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে টার্মিনালে থাকা যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এ সময় উপরের সিলিংয়ের একটি অংশ নেমে এলে দ্রুতই এলাকা ঘিরে রাখা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, ডিপারচার ড্রাইভওয়ের উপরের সিলিং জয়েন্টের প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের মূল কাঠামোতে কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, পুরো স্থাপনার নিরাপত্তা যাচাইয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। ফাটলের ধরন, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি বিশ্লেষণ করে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। পরে সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি বলেন, ভূমিকম্পের পর ক্ষুদ্র আফটার শক হওয়ার সম্ভাবনা স্বাভাবিক হলেও বর্তমানে তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।
এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি ভূমিকম্প এবং গত ২৮ মে ভোরে ভারতের মণিপুর থেকে উৎপত্তি হওয়া আরেক ভূমিকম্প দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ঢাকায় অনুভূত হয়েছিল।
ইএইচ