নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৫৭ পিএম
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
জানা যায়, বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, চকবাজারে মূলত দুটি ভবনে আগুন লেগেছিল। প্রথম ভবনটি ছিল তিনতলা বিশিষ্ট। এর মধ্যে নিচতলায় ডালের গোডাউন ও মিল, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা ছিল। আর দ্বিতীয় ভবনটি দুইতলা বিশিষ্ট, যার নিচতলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় অফিস ছিল।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
ইএইচ