আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫, ১১:৫৯ এএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ সন্ধ্যায় অথবা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার আগেই এই দুই উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র জমা দেবেন। মঙ্গলবার তাঁরা সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন।
এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো ধারণা করছে, এই সংবাদ সম্মেলনে তিনি তাঁর পদত্যাগের বিষয়টি জানাতে পারেন।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি এই বৈঠক অনুষ্ঠিত হয়। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা আজ পদত্যাগ করছেন।
সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে একমত হয়েছেন যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার পদে থাকা উচিত হবে না, তাঁরা নির্বাচন করুন বা না করুন। সরকারের মনোভাব জানার পরই তফসিল ঘোষণার ঠিক আগে আগে দুই উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।
আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। তিনি ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। যদিও বিএনপি সম্প্রতি ঢাকা-১০ আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে, তবুও আসিফ মাহমুদের রাজনৈতিক ঠিকানা এবং তিনি স্বতন্ত্র নাকি কোনো দল থেকে ভোট করবেন, তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে। এই আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে তাঁর ভোট করার সম্ভাবনা ক্ষীণ হয়েছে। এর কারণ, বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে এই আসন থেকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে।
যদিও মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এনসিপিতে কোনো পদ নেই, তবে দলটিতে তাঁদের প্রভাব রয়েছে। সম্প্রতি এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে এবং এনসিপি বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। এই দুই নেতা এনসিপির মনোনয়ন নেন কিনা, সেদিকেও অনেকের দৃষ্টি রয়েছে।
জেএইচআর