নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:১৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।
শুক্রবার সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল হাদি ইন্তেকাল করার পর আজ এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
হাইকমিশন জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় আইনি ক্লিয়ারেন্স না পাওয়ায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিঙ্গাপুরে জানাজা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছে হাইকমিশন। পাশাপাশি সেখানে অবস্থানরত সিঙ্গাপুরপ্রবাসীদের দেশটির প্রচলিত আইনের প্রতি সম্মান দেখিয়ে ধৈর্য ও সংযম প্রদর্শনের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক ‘দ্য আঙ্গুলিয়া মসজিদে’ হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে এখন সরাসরি তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে। হাইকমিশনের দেওয়া তথ্যমতে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের অকুতোভয় এই যোদ্ধাকে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে দেখার অপেক্ষায় ছিল তাঁর অনুসারীরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। হাদির মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।
ইএইচ