নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:২৩ পিএম
জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর প্রতিবাদকে কেন্দ্র করে মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের ওপর পরিচালিত ধ্বংসাত্মক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এসব আক্রমণ রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি, নাগরিক নিরাপত্তা এবং জুলাই অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "টার্গেটেড শুটিংয়ের মাধ্যমে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে সরকারের ব্যর্থতা এবং আসামিদের পলায়নে সহায়তার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।" তিনি আরও মন্তব্য করেন যে, উদ্ভূত পরিস্থিতি ও গণরোষ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার অদূরদর্শিতা ও অদক্ষতার পরিচয় দিয়েছে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।
ড. ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, হাদি হত্যার বিচার দাবির আড়ালে প্রথম আলো, ডেইলি স্টার ও উদীচীর মতো প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ, সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা এবং দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার মতো ঘটনাগুলো স্বাধীন মতপ্রকাশকে পরিকল্পিতভাবে দমনের নামান্তর। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতারই প্রমাণ দেয়।
বিবৃতিতে টিআইবি হুঁশিয়ারি দিয়ে জানায়, আবেগপ্রবণ পরিস্থিতিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন সহিংসতা উসকে দিতে না পারে, সে জন্য সরকারকে এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ে হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং গণমাধ্যমসহ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং জুলাই অভ্যুত্থানের আদর্শ গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
ইএইচ