আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৫৫ পিএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে।
শনিবার দুপুর পৌনে ২টায় তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সংসদ ভবন চত্বরে প্রবেশ করে।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মরদেহ নিয়ে জানাজাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শহীদ হাদির জানাজায় শরিক হতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মিছিল সহকারে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। জানাজাস্থল ও এর চারপাশ এখন হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।
জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে আজ তাঁকে শেষ বিদায় জানাতে প্রস্তুত পুরো জাতি। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জেএইচআর