নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২০ পিএম
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই জানাজায় সরকারের শীর্ষ পর্যায়, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক বিশাল জমায়েত পরিলক্ষিত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজায় ইমামতি করেন।
জানাজার সামনের সারিতে মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে শোকাতুর পরিবেশে প্রথম সারিতে দেখা যায়।

রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর তিন প্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানাজায় শরিক হন।
বিশিষ্টজনদের মধ্যে সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে আসা মানুষের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে।
ইএইচ