আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৫ পিএম
দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) তামান্না কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী প্রকট শৈত্যপ্রবাহে জর্জরিত সাধারণ জনগণকে সহায়তা করতে বাপবিবোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয়ে একটি বিশেষ ‘কম্বল বিতরণ কর্মসূচি’ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্তের বিপর্যস্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানায়, টানা শৈত্যপ্রবাহে জনজীবন যখন স্থবির হয়ে পড়েছে, তখন বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ সরবরাহ সচল রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের দুর্ভোগ কমাতে মাঠে নেমেছেন। ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বাপবিবোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীসকপ-এর এই উদ্যোগকে সাধারণ গ্রাহক ও স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।
জেএইচআর