নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৪১ পিএম
রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে যান। এর পর থেকেই গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
ডাকসু নেতৃবৃন্দ আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে তারা রাস্তা ছেড়ে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে শাহবাগ মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যারিকেড সরিয়ে নেওয়ায় সব দিকের সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত জনস্বার্থ বিবেচনায় আজকের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
উল্লেখ্য, আজ বিকেলে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন।
ইএইচ