আমার সংবাদ ডেস্ক
মার্চ ৮, ২০২৬, ১০:৩২ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন গ্রেপ্তার হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শব্দের স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়।
রোববার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ স্ট্যাটাসটি পোস্ট করার পর থেকেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কয়েক ঘণ্টার মধ্যেই এতে ৭০ হাজারেরও বেশি রিঅ্যাকশন এবং ৪ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে। হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারের খবরের পরপরই এই শুকরিয়া জানানোয় নেটিজেনরা এটিকে ওই ঘটনার সঙ্গেই সম্পৃক্ত বলে মনে করছেন।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করেছিলেন এবং পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টাকালে পুলিশের জালে ধরা পড়েন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি হিসেবে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেএইচআর