আমার সংবাদ ডেস্ক
মার্চ ১৪, ২০২৬, ০২:২৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য সরবরাহ করা হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক সংসদ সদস্যই অভিযোগ করেছেন, অধিবেশনে দেওয়া হেডফোনগুলো ঠিকভাবে কাজ করছে না এবং শব্দের মানও সন্তোষজনক নয়।
উদ্বোধনী অধিবেশন চলাকালে বিষয়টি উত্থাপন করেন মীর আহমেদ বিন কাসেম, যিনি ঢাকা-১৪ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেন, সরবরাহ করা হেডফোনে কারিগরি সীমাবদ্ধতা থাকায় সংসদীয় কার্যক্রমে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, সংসদে ব্যবহারের জন্য দেওয়া হেডফোনগুলো তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান Shure। সরবরাহ করা মডেলটি হলো Shure SRH240A, যা মূলত প্রতিষ্ঠানটির এন্ট্রি-লেভেল বা তুলনামূলক কমদামি সংস্করণ হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্র্যান্ডটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মডেলের বাজারমূল্য প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকার সমান।
কারিগরি দিক থেকে এই হেডফোনটি সাধারণত হোম রেকর্ডিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকায় মিড ও হাই সাউন্ড পরিষ্কার শোনা যায় এবং বেসও তুলনামূলক শক্তিশালী। হেডফোনটিতে আরামদায়ক প্যাডেড হেডব্যান্ড ও ইয়ার কাপ যুক্ত রয়েছে। ক্লোজ-ব্যাক ডিজাইনের কারণে এটি বাইরের শব্দ কমাতে সহায়তা করে। পাশাপাশি প্যাকেজে ৬.৩ মিলিমিটার অ্যাডাপ্টার দেওয়া থাকে এবং কোম্পানি এতে দুই বছরের ওয়ারেন্টি প্রদান করে।
তবে একই ব্র্যান্ডের আরও উন্নত ও দামি কয়েকটি মডেল বাজারে রয়েছে। যেমন Shure AONIC 50 GEN 2 মডেলের দাম প্রায় ৩৮৯ ডলার, Shure SRH1840 মডেলের দাম প্রায় ৫৪৯ ডলার এবং Shure SRH1540 মডেলের দাম প্রায় ৫০০ ডলার। এছাড়া Shure SRH840A ও Shure SRH440A মডেলও তুলনামূলক উন্নতমানের হিসেবে বাজারে পাওয়া যায়।
এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কেন তুলনামূলক কমদামি ও সাধারণ মডেলের হেডফোন সরবরাহ করা হয়েছে তা নিয়ে সংসদে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অনেক সংসদ সদস্যের মতে, গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য আরও উন্নতমানের অডিও সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন ছিল।
এএন