আমার সংবাদ ডেস্ক
মার্চ ২১, ২০২৬, ০৮:৩৩ এএম
এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পুরো ময়দান।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা প্রবেশ করছেন। এছাড়া মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও মুসল্লিদের দীর্ঘ সারি দেখা গেছে। ঈদের সকালে বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে প্রধান জামাতে। খিলগাঁও থেকে আসা আশরাফ আলী জানান, হাজার হাজার মানুষের সঙ্গে নামাজ আদায়ের অনুভূতিই আলাদা, তাই ভোরেই ঈদগাহে চলে এসেছেন। চকবাজার থেকে ছোট ছেলেকে নিয়ে আসা মুস্তাফিজুর রহমান বলেন, বাবার হাত ধরে যেমন ঈদগাহে আসতাম, আজ ছেলেকে নিয়ে এসে সেই একই আনন্দ খুঁজে পাচ্ছি।
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করবেন এবং বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এখানে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য বিশেষ আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে ময়দানে। পর্যাপ্ত ওজুখানা ছাড়াও মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলোতেও ধর্মপ্রাণ মুসলমানরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করছেন।
জেএইচআর