আমার সংবাদ ডেস্ক
মার্চ ২২, ২০২৬, ১১:৫৪ এএম
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও নাড়ির টানে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রোববার (২২ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে ট্রেনের প্রতিটি বগিতেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, ঈদের আগে টিকিটের তীব্র সংকট থাকায় অথবা টিকিট পেয়েও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারায় তারা সময়মতো বাড়ি যেতে পারেননি। তাই কিছুটা দেরি হলেও ঈদের দ্বিতীয় দিনে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন তারা। তাদের মতে, দেরি হলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারাটাই এখন বড় সার্থকতা।
এদিকে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী 'মামুন স্পেশাল' পরিবহনের একটি বাসের এই সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেন ও বাসটি সরিয়ে লাইন সচল করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়েছে। এই দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হলেও উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জেএইচআর