আমার সংবাদ ডেস্ক
মার্চ ৩১, ২০২৬, ১০:৩৫ এএম
রাজধানীর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালানোর প্রবণতা দীর্ঘদিনের। পথচারীদের চলাচলের পথ দখল করে টায়ার, ভারি যন্ত্রপাতি, ফার্নিচার থেকে শুরু করে খাবারের দোকান সবই বসানো হয়েছে ফুটপাতজুড়ে। এতে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এবার এই পরিস্থিতি বদলাতে ১ এপ্রিল থেকে অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর ধোলাইখাল এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতজুড়ে সারি সারি টায়ার ও যন্ত্রাংশ রাখা হয়েছে। কোথাও গ্যারেজ, কোথাও দোকানের মালামাল ফলে হাঁটার পথ প্রায় অদৃশ্য। একই চিত্র দেখা যায় নগরীর বিভিন্ন এলাকায়। দোকানের সামনে ফুটপাতজুড়ে রাখা হয়েছে ফার্নিচার, মুদিপণ্য ও খাবারের সামগ্রী।
ব্যবসায়ীদের দাবি, এটি নতুন কিছু নয়; বহু বছর ধরেই এমনভাবে ব্যবসা চলছে। তাদের মতে, দোকানের ভেতরে পণ্য রাখলে ক্রেতা কমে যায়। তাই বাধ্য হয়েই ফুটপাতে পণ্য প্রদর্শন করতে হয়।
অন্যদিকে, পথচারীরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ফুটপাত দখলের কারণে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে দোকানের সামনে রাখা ফ্রিজ, টেবিল বা মালামাল চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দেয়।
এ পরিস্থিতিতে ডিএমপির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, যেসব ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ সীমার বাইরে ফুটপাত ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১ এপ্রিল থেকে এ অভিযান শুরু হবে এবং দখলমুক্ত করা হবে ফুটপাত।
এছাড়া হকারদের জন্য নির্দিষ্ট এলাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে ‘হলিডে মার্কেট’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি থাকলে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হবে। তবে এর বাস্তবায়ন কতটা কার্যকর হবে, তা নিয়েই এখন প্রশ্ন নগরবাসীর।
এএন