আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬, ০২:২৬ পিএম
অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি এবং মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, অতীতে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ার ফলে সমাজে একটি নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে, যা অনেককে মব সন্ত্রাসে উৎসাহিত করছে। তিনি স্পষ্টভাবে জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত পরিকল্পিত মব সহিংসতার ঘটনাগুলো খতিয়ে দেখা হবে।
কুষ্টিয়ায় এক ‘পীর’কে গণপিটুনিতে হত্যার ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সরকারের দায় ছিল এবং তা প্রতিরোধে প্রশাসন কেন ব্যর্থ হয়েছে, তা তদন্ত করা হবে। ইতোমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অসত্য তথ্য প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও জানান উপদেষ্টা।
মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধের বিচার করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।
ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার কথা জানান তিনি। পাশাপাশি, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এএন