আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৮, ২০২৬, ০২:৩০ এএম
আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই, অভাব শুধু সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার। সুযোগ ও আধুনিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশ থেকেও একদিন মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই স্বপ্নের কথা জানান।
ডিসি ফরিদা খানম বলেন, শিশু-কিশোরদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও একদিন বাংলাদেশের পতাকা উড়বে। ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বড় শিক্ষা দেয়; যা জাতি গঠনেও ভূমিকা রাখে।
ঢাকার জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রত্যন্ত অঞ্চলের লুকিয়ে থাকা প্রতিভাদের তুলে আনার ওপর জোর দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যারা স্রেফ সুযোগের অভাবে ঝরে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, দক্ষ কোচ এবং পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকেই বিশ্ব কাঁপানো ফুটবলার উঠে আসবে।
ব্যস্ত কর্মজীবনের মধ্যেও খেলাধুলার এমন ইতিবাচক আয়োজন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি মানবিক প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সবাইকে খেলাধুলার প্রসারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরিতে গণমাধ্যমের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন ফরিদা খানম। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের মেধা ও তাঁদের সাফল্যের গল্পগুলো জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম নতুন তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন জোরদার করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাইম ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন।
জেএইচআর