আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৫ এএম
ভারত–মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার সকালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা কম্পন টের পান বাসিন্দারা।
বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়াক ট্র্যাক-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটে অবস্থিত। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব ভূপৃষ্ঠে তুলনামূলক কম অনুভূত হয়েছে। ফলে মাঝারি মাত্রার হলেও ঢাকায় কেবল কয়েক সেকেন্ডের মৃদু কম্পন টের পাওয়া গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, সকালে হালকা দুলুনি অনুভূত হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর সরাসরি অবস্থান না করলেও, পার্শ্ববর্তী মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের টেকটনিক প্লেটের সক্রিয়তার কারণে প্রায়ই এ ধরনের ভূমিকম্পের প্রভাব দেশে অনুভূত হয়।
এম জি