মে ১, ২০২৬, ১২:১২ এএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পল রিগি এই চুক্তিতে সই করেন। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনার ঘটনা এটাই প্রথম।
এই চুক্তির আওতায় বিমান মোট ১৪টি আধুনিক এয়ারক্রাফট সংগ্রহ করবে, যার মধ্যে রয়েছে: ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
নতুন ৭৮৭-১০ ড্রিমলাইনারগুলো মধ্যপ্রাচ্য রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। এসব বিমান প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করবে।
বিশাল এই ক্রয়ে আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এটি দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহ করা হতে পারে এবং পর্যায়ক্রমে ২০৩৫ সালের মধ্যে পুরো বহর হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বাণিজ্য ঘাটতি সমন্বয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের করা প্রাথমিক চুক্তির পরবর্তী ধাপ হিসেবে এই চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হলো। অনুষ্ঠানে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।
জেএইচআর
