আমার সংবাদ ডেস্ক
মে ২, ২০২৬, ০৯:২১ পিএম
পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের পর বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
শনিবার সন্ধ্যা থেকে রোববার: ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রোববার থেকে সোমবার: উত্তর ও পূর্বাঞ্চলীয় বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার থেকে মঙ্গলবার: বৃষ্টির বিস্তৃতি কিছুটা পরিবর্তন হয়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার ও বুধবার: সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বুধবার রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে, যা অস্থায়ী দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিন পর আবহাওয়ার পরিবর্তন হয়ে গরম বাড়তে পারে।
জেএইচআর