আমার সংবাদ ডেস্ক
জুন ২৯, ২০২৬, ১২:৩২ পিএম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং 'ফোর্সেস গোল' অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও বৈঠকে আলোচনায় আসে।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
এম জি