সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
জুন ২৯, ২০২৬, ০২:১১ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার ভোররাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ তাঁদের আটক করা হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভাস্থ ওয়ালটন শোরুমের সামনে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়িটি থেকে ৪১টি চটের বস্তায় মোড়ানো ১ হাজার ২৩৮ পিস অবৈধ ভারতীয় শাড়ি এবং ৭টি বস্তায় মোড়ানো ২৪৬ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো ন-২৩-০৮৬০ নম্বরের মিনি ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং ২৪৬টি থ্রি-পিসের মূল্য প্রায় ৬ লাখ ৩৬ thousand টাকা।
এই ঘটনায় হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বাদী হয়ে চোরাচালানের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
হাটহাজারী মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযান সামনেও অব্যাহত থাকবে।
জেএইচআর