স্পোর্টস ডেস্ক
জুন ২৯, ২০২৬, ০১:৪১ পিএম
ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। গ্রুপ পর্ব থেকেই দলের বিদায়ের পর সোমবার (২৯ জুন) তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।
এর মধ্য দিয়ে সৌদি ফুটবলের শীর্ষ প্রশাসনে তার প্রায় সাত বছরের দায়িত্বের সমাপ্তি ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-মিসেহাল বলেন, জাতীয় দলের বিশ্বকাপ অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং সমর্থকদের আশা পূরণ করতে পারেনি। এ ব্যর্থতার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন। একই সঙ্গে সৌদি ফুটবলের নতুন অধ্যায়ের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য শিগগিরই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। বিদায়ী বার্তায় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল এবং ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে, স্পেনের কাছে ৪-০ গোলে হারে এবং কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে। তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এটি বিশ্বকাপে সৌদি আরবের টানা তৃতীয় গ্রুপ পর্ব থেকে বিদায়।
এই ব্যর্থতার পর সৌদি ফুটবল ফেডারেশনের নেতৃত্ব নিয়ে সমালোচনা তীব্র হয়। সাবেক ফুটবলার, বিশ্লেষক ও সমর্থকদের অনেকে নেতৃত্বে পরিবর্তনের দাবি জানান। সাবেক আল-হিলাল সভাপতি প্রিন্স আবদুল রহমান বিন মুসাইদ বলেন, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই নতুন জাতীয় দল গঠনের কাজ শুরু করা প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে কোচ পরিবর্তন এবং সৌদি প্রো লিগে বিদেশি খেলোয়াড়ের আধিক্যের কারণে স্থানীয় তরুণ ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ না পাওয়াও দলের ব্যর্থতার অন্যতম কারণ।
আগামী বছরের এএফসি এশিয়ান কাপ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে সৌদি ফুটবলে বড় ধরনের সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে।
পদত্যাগের ঘোষণা দিলেও আল-মিসেহাল জানিয়েছেন, ভবিষ্যতেও ভিন্ন দায়িত্বে থেকে সৌদি ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।
এম জি