রাকিবুল হাসান, রাজশাহী
জুন ২৯, ২০২৬, ০১:৪৫ পিএম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় একটি সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় সমিতির এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সমিতির মালিক পলাতক রয়েছেন।
সোমবার র্যাব-৫-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মোহনপুর উপজেলার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে সমিতির কার্যালয় থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সমিতির কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের স্কোয়াড লিডার নুরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত নাইমুলকে উদ্ধার হওয়া আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট-সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।
এএন