আমার সংবাদ ডেস্ক
জুলাই ১, ২০২৬, ১১:২৭ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলটির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতাও ইরান সফরে যাচ্ছেন।
এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ইরানের দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় বিমানের টিকিট কাটা সম্ভব হয়নি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলের একাধিক নেতা জানিয়েছেন, ইরানের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। একই সঙ্গে এনসিপিরও ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে তারা মনে করছেন।
অন্যদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলটির একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবে। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে এবং খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেবে।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।
এএন