আমার সংবাদ ডেস্ক
জুলাই ১, ২০২৬, ০১:৫৩ পিএম
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ে সম্পন্ন করতে আগ্রহী হজযাত্রীদের সময়মতো প্রাক-নিবন্ধন শেষ করার অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এ সময় বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ তুলে দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তার হাতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হবে।
এ ছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে, ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা এবং চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এম জি