আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৫:০৬ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ০৯ জুলাই ২০২৬ তারিখে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে।
রোববার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ অভিযানের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এই সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকগণ উপস্থিত ছিলেন।
‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান। এতে গড়ে উঠবে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ।
এ ছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকাসমূহে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।
জেএইচআর