বরিশাল ব্যুরো
সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৫২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, পতিত সরকারের দোসরদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয় ঘটেছে।
বলেন, এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে।
বুধবার বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিমা রহমান আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শহরের সদর রোডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় না। তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, কিন্তু আমি চাই মানুষ দেখুক, ভোট দেবে কি না।”
সেলিমা রহমান আরও বলেন, “বিএনপির আন্দোলন ও সংগ্রামের মূল লক্ষ্য হলো জাতীয় সংসদ নির্বাচন। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
উল্লেখ্য, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাটামারা ইউনিয়ন বিএনপি বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ।
ইএইচ