মতলব প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫, ০৪:১৬ পিএম
বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ইউরোপ ও আমেরিকায় ৮০০ বাড়ির সন্ধান পাওয়া গেছে।
তিনি বলেন, “একজন মানুষের ৮০০টি বাড়ি কেন দরকার তা আমার বোধগম্য নয়।”
শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমীর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রচারণা চালিয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের উপর হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ২৪ এর গণঅভ্যুত্থানের মতো পালিয়ে যায়, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সাধারণ জনগণ যখন দিশেহারা ছিল, তখন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, “আমার নেতা তারেক রহমান যদি সুযোগ পান, ৩১ দফার প্রত্যেকটি দফা বাস্তবায়ন করবেন। ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকবে না এবং স্বাস্থ্যসেবা কার্ড পাবেন। বাংলাদেশের ধনী-গরিব সকল শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে আমরা ভুল-ভ্রান্তি স্বাভাবিকভাবেই মেনে নিই, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর মিথ্যা প্রচারণা চালিয়েছে এবং আমার নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যার কোনো প্রমাণ দিতে পারেনি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি মতলবকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই, মতলবের স্বাস্থ্য সেবা বাংলাদেশের মডেল হবে। আমার পরিকল্পনার অংশ হিসেবে একটি টেকনিক্যাল স্কুল ও নার্সিং কলেজ স্থাপন করতে চাই, যেখানে শিক্ষিত নার্সরা সারাদেশে ও বিশ্বের বিভিন্ন স্থানে সেবা প্রদান করবে। মতলবে কোন সন্ত্রাস বা চাঁদাবাজির স্থান নেই, এখানে মানুষ শান্তিপ্রিয়।”
বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস. মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: বশির আহমেদ ও বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ সোহেল, ছেঙ্গারচর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক কবির সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।
ইএইচ