লক্ষ্মীপুর প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫, ০৫:৩৫ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল কখনো হেলমেট বাহিনীর মতো রাজনীতি করে না। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদল রাজনীতি করে এবং ছাত্রদের কল্যাণে কাজ করে।
তিনি বলেন, বিগত সময়ে একটি ছাত্র সংগঠন ছিল, যারা দেশের শিক্ষার্থীদের কাছে হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছিল। তারা সাধারণ ছাত্রদের মতামত উপেক্ষা করে রাজনীতি করেছে, কখনো ছাত্রদের স্বার্থে কাজ করেনি। কিন্তু ছাত্রদল ভিন্নধারার—এখানে হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার সুযোগ নেই।
রোববার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান সবসময় সংগঠনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বর্তমান ছাত্রসমাজও হেলমেট বাহিনীর রাজনীতি পছন্দ করে না। জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিল; এতে ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
তিনি বলেন, ছাত্রদল ৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুমের কারণে কিছু ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ দুর্বল হয়েছে, তবে তারা আবারও আস্থা অর্জনে কাজ করছে।
অনুষ্ঠানে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আজিম হোসেন হারুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিংকু পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
জেএইচআর