নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:০২ পিএম
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, "হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।"
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। সর্বশেষ তথ্যানুযায়ী তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।
বিকেল ৪টার কিছু পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, "হাদীর অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।"
ইএইচ