নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২২, ২০২৫, ০১:১৭ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, "এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারাজীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।"
হামলার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয় আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার এবং কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ।"
বর্তমান পরিস্থিতিতে সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। শুধু সচেতন হলে চলবে না, অপশক্তিকে রুখে দিতে হবে। আমি আপনাদের আহ্বান জানাব সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হোন।"
প্রতিবাদ সভায় সম্পাদক পরিষদ ও নোয়াবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাম্প্রতিক মব ভায়োলেন্স বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ