ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬, ১১:০৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দল থেকে পদ চলে গেলেও এলাকার সাধারণ মানুষ তাকে ছেড়ে যাননি।
সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাখাইতি গ্রামে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, অনেকেই তাকে প্রশ্ন করেছেন দলীয় মনোনয়ন না পেয়েও তিনি কেন স্বতন্ত্র প্রার্থী হলেন। এর উত্তরে তিনি জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট, ভালোবাসা এবং তার প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাসই তাকে নির্বাচনে লড়তে সাহস জুগিয়েছে। সংরক্ষিত আসনের মোহ ত্যাগ করে তিনি তৃণমূলের মানুষের পাশে থাকাকেই শ্রেয় মনে করেছেন।
বিএনপি থেকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের ভালোবাসার টানেই তিনি নির্বাচনের মাঠে আছেন এবং এ কারণেই তার পদ গেছে। তিনি স্পষ্ট জানান, পদ গেলেও তার পেছনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। যতদিন ভোটাররা পাশে আছেন, ততদিন কোনো শক্তিই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। অবহেলিত সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৭৩ সালের নির্বাচনে সরাইল-আশুগঞ্জের মানুষ তাঁর বাবা ভাষাসংগ্রামী অলি আহাদকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী করেছিলেন। তবে সে সময় তাঁকে কাজ করতে দেওয়া হয়নি। পিতার সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে এবং এলাকার মানুষের অধিকার আদায়ে তিনি জয়ী হতে চান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
ইএইচ