আবু তাহের
জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:৪৯ পিএম
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোনো ধর্মপন্থী রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করার জন্য তিনি কখনো রাষ্ট্রের কল্পলয়ে বৈঠক করেননি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন, অল্প কিছু মানুষের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি; এটি হয়েছে সবার জন্য পরিবর্তন আনতে। সেই পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য। তিনি বলেন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, গত চার মাস ধরে তাকে কার্যত কাজ করতে দেওয়া হয়নি। এর ফলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মাহফুজ আলম বলেন, পুরোনো বন্দোবস্তের লোকজনকে বহাল রেখে নতুন রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা যায় না।
সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি হয়ে থাকে, তাহলে এখন কেন বিপরীতমুখী বক্তব্য দেওয়া হচ্ছে সেই প্রশ্নের জবাব দিতে হবে।
তার ভাষায়, রাজনৈতিক সমঝোতা মানে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, আর এর সঙ্গে সম্পদের ন্যায্য পুনর্বণ্টন ওতপ্রোতভাবে জড়িত। তবে তিনি আক্ষেপ করে বলেন, জমি বণ্টন নিয়ে কোনো দৃশ্যমান কাজ এখনো হয়নি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর আচরণে সেই অগ্রগতি আবার পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
ইএইচ