নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জানুয়ারি ১৭, ২০২৬, ১২:০৩ এএম
জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ পুনরায় জোটে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার সন্ধ্যায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা প্রকাশ করেন।
আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলনের জোট ত্যাগ করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবে এতে জাতীয় নাগরিক পার্টির ওপর কোনো নেতিবাচক প্রভাব নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের নেতৃত্বাধীন জোটে পুনরায় যোগ দিতে পারে—এমন সম্ভাবনা এনসিপি এখনো নাকচ করে দিচ্ছে না।
তিনি আরও উল্লেখ করেন, একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এনসিপি জোটের নীতিগত অবস্থান অনুসরণ করেই সামনে এগোবে। তবে ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত জোটে না ফেরে, সেক্ষেত্রে এনসিপির আসন সংখ্যা বাড়তে পারে এবং এ বিষয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করার অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে—এমনটিই আমাদের প্রত্যাশা।
এ সময় তিনি নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন এলাকায় রিটকারী প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ ধরনের ঘটনা কমিশনের ওপর জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকে এনসিপির অন্যতম প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন এবং নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এখন ১০ দলে পরিণত হয়েছে। এ জোটের প্রতি জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আগামী দিনগুলোতে এ ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হবে।
এ ছাড়া পোস্টাল ব্যালট বন্ধের দাবি ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আলোচনা নির্বাচন প্রক্রিয়ার জন্য অশনিসংকেত।
ইএইচ