নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩১ এএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন যে আসন ছেড়ে দেওয়ার বিনিময়ে তাকে মন্ত্রিত্বের প্রলোভন দেখানো হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন পক্ষ থেকে সকাল-বিকেল টেলিফোন করে তাকে এ ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা দৃঢ়তার সাথে বলেন, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মন্ত্রিত্ব বা অন্য কোনো কিছুর বিনিময়ে তিনি নিজ এলাকার মানুষকে ছেড়ে কোথাও যাবেন না।
নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরেই তাঁর রাজনীতিতে আসা এবং তাঁর স্নেহ ও সহযোগিতায় তিনি আজ এ অবস্থানে পৌঁছেছেন।
তিনি আরও অভিযোগ করেন, অসুস্থ হওয়ার আগে নেত্রী তার মনোনয়নের বিষয়ে খোঁজ নিলেও তার মৃত্যুর পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মতবিনিময় সভা চলাকালীন স্থানীয়দের পক্ষ থেকে রুমিন ফারহানাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। এ সময় তিনি আসন্ন নির্বাচনে নিজের ভোটের প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।
ইএইচ