আবু তাহের
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪৭ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এনসিপি-জামায়াত জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বিএনপি পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার এনসিপির মিডিয়াসেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি দাবি করে, বিএনপির নেতাকর্মীরা তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে, লিফলেট বিতরণে বাধা দিচ্ছে এবং কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী ও দলের আহ্বায়কের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। একইভাবে নাটোর-৩ আসনে নির্বাচনী ঐক্যের এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদিরের কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এনসিপির দাবি, বিএনপির নেতাকর্মীরা মোটরবাইক বহর নিয়ে এসে এ হামলা চালায়, এতে অন্তত পাঁচজন আহত হন।
নোয়াখালী-৬ আসনে সহিংসতার অভিযোগ তুলে এনসিপি জানায়, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় ৩০ জন নেতাকর্মীসহ সাধারণ মানুষ আহত হন। হামলাকারীদের তালিকা পুলিশ সুপারকে দেওয়া হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া তমরদ্দি ইউনিয়নে এনসিপির কার্যালয় ভাঙচুর ও তালতলা বাজারে পথসভায় হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বলা হয়, ভোটের প্রচারণায় বাড়ি বাড়ি গেলে বিএনপির নেতাকর্মীরা গালাগালি ও শারীরিক নির্যাতন করছে। এমনকি হিজাব ও নিকাব খুলে নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেছে ১১ দলীয় জোট। তারা নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
সম্প্রতি জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত রেজাউল হত্যা মামলায় আসামিদের আগাম জামিন আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।
দলটির দাবি, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে জামিন দেওয়া হয়েছে, যা নতুন সহিংসতার ঝুঁকি বাড়াবে। গত ২৮ জানুয়ারি ইশতেহার পাঠ অনুষ্ঠানে হামলার ঘটনায় ওই নেতা নিহত হন।
এ ছাড়া পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলো বিএনপির প্রার্থী বাছাইয়ে সহযোগিতা করছে বলে গুরুতর অভিযোগ এনেছে এনসিপি। দলটির ভাষ্য, এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। পাশাপাশি গণভোট ইস্যুতেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণগ্রহীতাদের তথ্য চাওয়ার বিষয়টিকে নির্বাচনে বেআইনিভাবে বিএনপিকে সহায়তার ইঙ্গিত বলে দাবি করেছে দলটি।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপি নির্বাচন ঘিরে সহিংসতা ও প্রশাসনিক পক্ষপাতের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ইএইচ