আমার সংবাদ ডেস্ক
মে ৩০, ২০২৬, ১২:০৭ এএম
সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিন স্তম্ভের ওপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক প্রস্তাবনা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব করেন।
মাহফুজ আলম বলেন, ‘রবুবিয়ত’ ব্যক্তিকে নিজ ও অপরাপর জীবের জন্য যত্নবান করে তোলে। অর্থাৎ এটি সকল জীবের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং ‘Eco-democracy’ প্রতিষ্ঠা তথা প্রাণ, প্রকৃতি, পানির উৎস, নদী, বন, বন্দর ও বঙ্গোপসাগর রক্ষার জন্য মানুষকে প্রস্তুত করে।
তিনি আরও বলেন, দায় ও দরদের সমাজচিন্তা মানুষকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। এই চিন্তা মূলত দুটি কাজ করে। প্রথমত, অধিকারের সাপেক্ষে দায়িত্ববান ব্যক্তিত্ব গড়ে তোলে, যার ফলে মানুষ লিবারেল ব্যক্তিসত্তা থেকে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, এটি একটি দরদের সমাজ গড়ে তোলে, যেখানে প্রতিহিংসার বিবিধ চর্চার চেয়ে ‘ম্যাক্সিমাম মিত্রতা’ বা সর্বোচ্চ সৌহার্দ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দরদের মধ্য দিয়ে সমাজ গঠন আর দায়িত্বের মাধ্যমে ন্যায্য লড়াইয়ের প্রস্তুতি চলে। এই দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রধান সাংস্কৃতিক হাতিয়ার।
সাবেক এই তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, সামাজিক গণতন্ত্র এমন একটা ব্যবস্থা বা বন্দোবস্তের কথা বলে, যেখানে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে ন্যায় ও ন্যায্যতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সামাজিক গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশে এখনকার মূল কাজ হলো- সম্পদ ও ভূমির পুনর্বণ্টন, সোশ্যাল মবিলিটি এবং জাতীয় বুর্জোয়া প্রশ্ন মোকাবিলা করা।
অর্থনৈতিক বন্দোবস্ত পুনর্গঠন, শিক্ষা, জনস্বাস্থ্য, বিচার ও পুলিশ ব্যবস্থার সংস্কার, কৃষক-শ্রমিকের জন্য ন্যায্য আর্থ-রাজনৈতিক ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান এবং নাগরিকদের জন্য নিরাপদ বায়ু, পানি, খাদ্য, আবাসন ও পরিবহন নিশ্চিত করাই বর্তমানে দেশের রাজনৈতিক চর্চার মূল ক্ষেত্র হওয়া উচিত বলে জানান মাহফুজ আলম।
জেএইচআর