আমার সংবাদ ডেস্ক
জুন ৩, ২০২৬, ০৯:৩০ পিএম
সম্প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহার এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
বুধবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, এমন এক সময়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো চরম চাপের মধ্যে রয়েছে। বিদ্যুতের অতিরিক্ত ব্যয় মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।
তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, ব্যবসা ও কৃষি খাতের উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব বাজারে বিভিন্ন পণ্যের দামের ওপর পড়তে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি করবে।
বিবৃতিতে বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অনিয়মের অভিযোগ তুলে এসব সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনদুর্ভোগ বিবেচনায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দাবিতে দেশের অন্যান্য মহানগরেও কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।
এম জি