ধর্ম ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:৪৪ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, ওমান এবং অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় এসব দেশের আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে গালফ নিউজ।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশের কোথাও রমজানের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে প্রথম রোজা শুরু হবে। এই ঘোষণা দেওয়া হয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষ এবং বিভিন্ন চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে।
সিঙ্গাপুরেও আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (এমইউআইএস) এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী, সিঙ্গাপুরের মুসলমানরা বৃহস্পতিবার থেকেই রোজা পালন করবেন।
ব্রুনাইয়ের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে মঙ্গলবার এক ঘোষণায় জানানো হয়েছে, দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। ব্রুনাইয়ের শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ব্রুনাইয়ে রোজা শুরু হবে। এই সিদ্ধান্ত ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়ার ভিত্তিতে নেওয়া হয়েছে।
তুরস্কেও মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাসের শুভ সূচনা হবে।
ওমানের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে দেশের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই। এই সিদ্ধান্ত ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন হবে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হবে।
অস্ট্রেলিয়ার ইসলামি কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। এই সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় পর্যবেক্ষণের পর নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও চূড়ান্ত ঘোষণা আসবে আজ রাতে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু এবং প্রথম তারাবির জামাতের খবর শোনার অপেক্ষায় রয়েছেন।
বিশেষভাবে উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুতে একদিনের ব্যবধান দেখা যায়। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, ওমান ও অস্ট্রেলিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সূত্র: গালফ নিউজ
এএন