ধর্ম ডেস্ক
মার্চ ১৭, ২০২৬, ০৩:০৭ পিএম
মুসলিম বিশ্বে আনন্দঘন মুহূর্তের অপেক্ষা শেষ হওয়ায় পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায় কড়া নাড়ছে। রমজান মাসের সমাপ্তির সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় কি না, তার ওপর নির্ভর করছে ঈদ উদযাপনের দিন। এই সম্ভাব্য তারিখ সংক্রান্ত তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, চলতি বছর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে রমজান মাস সম্পূর্ণ ৩০ দিন পূর্ণ হবে। এর অর্থ, শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য দিন হতে পারে ২০ মার্চ শুক্রবার।
এই হিসেবে সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চই হবে ঈদ। অন্যদিকে, ২৯তম রমজানের সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ঈদ উদযাপন হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার)।
ইব্রাহিম আল জাওয়ান আরও জানিয়েছেন, ২৯তম রমজানে আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। ফলে ঈদ উদযাপন মূলত রমজান মাসের দৈর্ঘ্য এবং চাঁদের অবস্থার ওপর নির্ভর করবে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদের অবস্থার উপর নির্ভরশীল। একটি ইসলামিক বর্ষপঞ্জিতে ১২টি চন্দ্র মাস থাকে, যার মোট দিন সংখ্যা ৩৫৪ বা ৩৫৫। ফলে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ প্রায় ১০ দিন এগিয়ে আসে।
সূত্র: দ্য ন্যাশনাল
এএন