আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬, ০৪:১০ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর। ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে এবং নাটমেগের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্পোরেট ফুটবল আসরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে এফআইসিসিআই সচিবালয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর ক্যাপ্টেন ও ম্যানেজারদের সভার মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিসিয়াল গ্রুপ ড্র ও ফিক্সচার চূড়ান্ত করার পাশাপাশি ম্যাচ ফরম্যাট ও নিয়মাবলী নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।
২০২৫ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত মোট ১৬টি ম্যাচ ডের মাধ্যমে ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের ‘নাটমেগ ফিল্ড’-এ খেলাগুলো আয়োজিত হবে। টুর্নামেন্টটি প্রথমে গ্রুপ পর্ব এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে কাপ ও প্লেট—এই দুই সেগমেন্টে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির, নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, রবি আজিয়াটা পিএলসি-এর পরিচালক (ফাইন্যান্স) মোহাম্মদ মইন উদ্দিন রিয়াদ, সিঙ্গার-বেকোর ব্যবস্থাপক নাজমুস সাকিব, ব্যাকপেজ পিআর-এর পরিচালক সাব্বির ফেরদৌস এবং কোকা-কোলা বাংলাদেশের ট্রেড মার্কেটিং স্পেশালিস্ট মেজবাহ উল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত আসরে ফুডপান্ডা ‘কাপ’ চ্যাম্পিয়ন এবং ডিএইচএল রানার-আপ হয়েছিল। এছাড়া আমান বাংলাদেশ ‘প্লেট’ শিরোপা জয় করে এবং গ্রামীণফোন রানার-আপ হয়।
এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক, কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট এবং পিআর পার্টনার হিসেবে কাজ করছে ব্যাকপেজ পিআর। প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের ফুটবল সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
জেএইচআর