স্পোর্টস ডেস্ক
জুন ১৩, ২০২৬, ১১:৪৯ পিএম
বিশ্বের একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি রয়েছে ব্রাজিলের। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছে। ফুটবলবিশ্বে সেলেসাওদের এই আধিপত্যের গল্পটা শুধু ট্রফি জয়ের মাধ্যমেই প্রকাশ পায় না, বরং শুরু হয় বিশ্বকাপের প্রতিটি আসরে তাদের উদ্বোধনী ম্যাচের দুর্দান্ত রেকর্ড দিয়ে।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে বড় প্রত্যাশা নিয়ে অংশ নিলেও ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দলে ব্রাজিলের দলটি মূলত রিও ডি জেনিরোভিত্তিক খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল। ফলে উদ্বোধনী ম্যাচেই যুগোস্লাভিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করতে হয় তাদের। চার বছর পর ১৯৩৪ ইতালির বিশ্বকাপটি ছিল আরও নির্মম। নকআউট পদ্ধতির সেই আসরে স্পেনের কাছে ৩-১ গোলে হেরে প্রথম ম্যাচেই বিদায় নেয় সেলেসাওরা। তবে ফুটবলের এই পরাশক্তির জন্য সেটিই ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ পরাজয়।
১৯৩৪ সালের ওই ম্যাচের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি হলুদ-সবুজ শিবিরের জন্য এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। দীর্ঘ ৮৮ বছর ধরে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। এই দীর্ঘ সময়ে খেলা ২০টি উদ্বোধনী ম্যাচের মধ্যে তারা ১৭টিতেই জয় পেয়েছে, আর ড্র করেছে বাকি ৩টি ম্যাচ।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭৪ সালের আসরে যুগোস্লাভিয়ার সাথে ০-০ এবং ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সর্বশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। বাকি সব আসরের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের এই আধিপত্য সবচেয়ে বেশি টের পেয়েছে মেক্সিকো। মেক্সিকানদের বিপক্ষে তিনবারের দেখায় ১১-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে তারা। সব মিলিয়ে এই ২০টি উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষের জালে ৪৯টি গোল করেছে ব্রাজিল।
চলমান ২০২৬ বিশ্বকাপে গ্রুপ 'সি'-এর হাইভোল্টেজ ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তবে মরক্কো এখন আর আগের মতো দুর্বল দল নয়; ২০২২ কাতার বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা আফ্রিকান এই পরাশক্তি সেলেসাওদের কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান একদম সমানে-সমান। ১৯৯৮ সালের বিশ্বকাপে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় মরক্কো। ফলে এবারের উদ্বোধনী ম্যাচটি দুই দলের জন্যই হতে যাচ্ছে এক অগ্নিপরীক্ষা।
একনজরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ইতিহাস:
জেএইচআর