স্পোর্টস ডেস্ক
জুন ২৫, ২০২৬, ০৯:৩৯ এএম
স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে চলমান ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের বাঁধা পেরোনোর পর সেলেসাওরা ইতোমধ্যে জেনে গেছে তাদের শেষ ৩২-এর ম্যাচটি ঠিক কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার হিউস্টনে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
ব্রাজিল ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে নিয়ম অনুযায়ী তারা নকআউট পর্বে মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলটির। এই মুহূর্তে সমীকরণ অনুযায়ী নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন- এই তিন দেশের যেকোনো একটি হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টার ম্যাচগুলোর পরেই চূড়ান্তভাবে জানা যাবে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে কারা। ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিউনিসিয়া এবং একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।
বর্তমানে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও জাপান সমান ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং দুই দলের গোল ব্যবধানও সমান (+৪)। তবে গোল করার দিক থেকে এগিয়ে থাকায় ডাচরা টেবিলের শীর্ষে রয়েছে। তারা গোল করেছে ৭টি, যা জাপানের চেয়ে একটি বেশি। অন্যদিকে সুইডেনের পয়েন্ট ৩ এবং তিউনিসিয়া টানা দুই ম্যাচ হেরে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে।
সুইডেনের ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সমীকরণটি বেশ সহজ। নকআউটে যেতে হলে তাদের জাপানের বিপক্ষে জিততেই হবে এবং একই সঙ্গে তিউনিসিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের জয় কামনা করতে হবে। তেমনটি হলে ডাচরা ৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে এবং সুইডেন ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের মুখোমুখি হবে। তবে নেদারল্যান্ডস যদি অন্য কোনো ফলাফল পায় এবং সুইডিশরা নিজেদের ম্যাচে জেতে, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়াতে পারবে।
এদিকে নেদারল্যান্ডস ও জাপানেরও ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সমীকরণ টিকে রয়েছে। যদি জাপান নিজেদের ম্যাচে জেতে এবং নেদারল্যান্ডস ড্র করে বা হারে, তাহলে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হবে ডাচরা।
অন্যদিকে নেদারল্যান্ডস যদি জেতে এবং জাপান শুধু ড্র করতে পারে, তবে ব্রাজিলের মুখোমুখি হতে হবে সূর্যোদয়ের দেশ জাপানকে। যদি দুই দলই নিজ নিজ ম্যাচে জেতে, ড্র করে কিংবা হারে, তবে তাদের পয়েন্ট সমান থাকবে। সে ক্ষেত্রে গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণ মূল ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নেদারল্যান্ড ও জাপানের পয়েন্ট সমান হলে হেড-টু-হেড বা মুখোমুখি লড়াইয়ের ফলাফল দিয়ে গ্রুপ সেরা নির্ধারণ করা যাবে না। কারণ দুই দলের প্রথম রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে পয়েন্ট, গোল পার্থক্য ও হেড-টু-হেড রেকর্ড হুবহু এক হওয়ায় গ্রুপ পর্বে দল দুটির মোট গোল সংখ্যা বিবেচনায় আনা হবে, যেখানে নেদারল্যান্ডস ৭-৬ ব্যবধানে এগিয়ে। শেষ রাউন্ডের ম্যাচগুলোর গোল সংখ্যা হিসাব করেই চূড়ান্ত হবে কারা গ্রুপের শীর্ষে থাকছে এবং কারা রানার্সআপ হয়ে হিউস্টনে ব্রাজিলের পরীক্ষা নিতে আসছে।
জেএইচআর