নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০৪:৫৩ পিএম
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার এক আসামি ডিবি হেফাজতে মারা গেছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার (১৭ নভেম্বর) পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী পল্লবী থানায় মামলা করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়।
মামলার অগ্রগতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুরে অভিযান চালিয়ে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র তাদের সহযোগী মোক্তার হোসেনের কাছে রয়েছে।
ডিসি তালেবুর রহমান জানান, আসামিদের তথ্য অনুযায়ী পল্লবীর একটি গ্যারেজে একইদিন সন্ধ্যায় অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোক্তার পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। উত্তেজিত জনতার মারধরে আহত হন তিনি। পরে তার দেখানো মতে সেখান থেকে আট রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
অসুস্থ অবস্থায় মোক্তারকে ডিবি কার্যালয় থেকে রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিলে তাকে ফের ডিবি কার্যালয়ে আনা হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে ডাকা হলে কোনো সাড়া না পাওয়ায় পুনরায় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচ