নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:০০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "তারা এখন কোথায় আছে সেটি যদি সঠিকভাবে জানতাম, তবে এতক্ষণে ধরেই ফেলতাম। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। তারা দেশে থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। তবে আমরা সঠিক সন্ধান পাওয়ার জন্য কাজ করছি।"
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ফয়সাল নামক এক ব্যক্তি। তাকেসহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে তার পদত্যাগের গুঞ্জন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সোজাসাপ্টা উত্তর দেন।
তিনি বলেন, "যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখন আপনাদের সামনে এখানে বসতাম না।" এ সময় তিনি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
ইএইচ